উত্তরাঞ্চলের অক্সফোর্ডখ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ নানান আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার ১১০ বছরে পদার্পণ করেছে। শিক্ষার আলো ছড়িয়ে যোগ্য নেতৃত্ব ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ গড়ার কারখানা হিসেবে খ্যাত শতবর্ষী এই বিদ্যাপীঠে মঙ্গলবার দিন ব্যাপি উৎসবের আমেজ বয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাজসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আলোকসজ্জায় ঝলমল করছে ঐতিহ্যবাহী ভবনগুলো। পরিচ্ছন্নতার নবরূপে সেজেছে পুরো প্রাঙ্গণ।
কারমাইকেল কলেজের গৌরবময় পথচলার ১১০ বছরপূর্তি উৎসবে উপলক্ষ্যে সকালে প্রথম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জি.এল হোস্টেল মাঠে আলোচনা সভা,স্মৃতিচারণ ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা।রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডল।বিকেলে একই মাঠে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও ব্যান্ড সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কারমাইকেল কলেজ এক জীবন্ত সাক্ষী। এই প্রতিষ্ঠানের শতবছরের গৌরব ও অর্জন অনন্য।
কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার ইতিহাসঃ-ইংরেজি ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। ১৯১৭ সালের জুলাইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। শুরুতে প্রায় দুই বছর রংপুর জেলা পরিষদ ভবনে ক্লাস পরিচালিত হয়। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় মূল ভবনের। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ।১৯১৩ সালে গভর্নর ব্যারন কারমাইকেল রংপুরে আসলে সংবর্ধনা সভায় কলেজ স্থাপনের দাবি ওঠে। জমিদার ও শিক্ষানুরাগীদের অর্থসহ দান করা ৯০০ একর জমির ওপর গড়ে ওঠে এই বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ।রংপুর নগরীতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কারমাইকেল কলেজে বর্তমানে ২১টি বিভাগে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অবিভক্ত বাংলার প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি এই কলেজ ২০০১ ও ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দুটি আইন পাস হলেও তা আজও কার্যকর হয়নি।কলেজের দক্ষিণে শহীদ মিনার, তিনতলা বিজ্ঞান ভবন, কলা ও বাণিজ্য ভবন, রসায়ন ভবন এবং ফুলে ঘেরা বাগান। প্রায় ৭০ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি শুরু হয়েছিল মাত্র ২৫০টি বই নিয়ে।মূল ভবনের মাঝখানে রয়েছে আনন্দমোহন হল।উত্তর-পশ্চিম কোণে ‘বাংলা মঞ্চ’ সাংস্কৃতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। লিচুতলার সংস্কৃতি মঞ্চে নিয়মিত সৃজনশীল আয়োজন করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে রয়েছে স্পন্দন, কানাসাস, বিতর্ক পরিষদ, কাকাশিস, আবৃত্তি সংসদ, বাঁধন, বিএনসিসি, রোভার স্কাউটসহ নানা সাহিত্য-সংস্কৃতি ও স্বেচ্ছাসেবী সংগঠন। বটতলায় নতুনভাবে গড়ে উঠেছে রবীন্দ্র-নজরুল মঞ্চ। চারপাশে রংপুর ক্যাডেট কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন ও ছাত্রাবাসে ঘেরা প্রাণচঞ্চল এই ক্যাম্পাস।কৃতী শিক্ষার্থীদের গর্ভ কারমাইকেল কলেজ শুধু শিক্ষার বাতিঘর নয়, এটি রাজনৈতিক চর্চারও এক ঐতিহ্যবাহী কেন্দ্র। লাখো শিক্ষার্থীর জীবনের সোনালি দিনের স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে। এখান থেকে শিক্ষা নিয়েছেন অসংখ্য কীর্তিমান ব্যক্তি- একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম, প্রায়ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল মুস্তাফিজার রহমান, কথাসাহিত্যিক আনিসুল হক,শহীদ ছাত্রনেতা রাউফুন বসুনীয়া,কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, ছড়াকার রফিকুল হক এবং যুক্তরাজ্যের হিন্ডবার্ন সিটির সাবেক মেয়র আলতাফুর রহমান।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আব্দুর রহিম,চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, স্বাধীনতা সংগ্রামী মণিকৃষ্ণ সেনসহ অনেকে। ব্রিটিশ শাসন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে এই কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান গর্বের অংশ হয়ে আছে ইতিহাসে।
হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিলা জামান বলেন, কারমাইকেল কলেজ আমাদের গর্বের জায়গা। একদিন এই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। আশা করি, ভবিষ্যতেও আমাদের প্রিয় ক্যাম্পাস উৎসব মুখর থাকবে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.মোঃ আবুল হোসেন মন্ডল জানান,তিনি নিজেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত।ইতিহাসের ধারাবাহিকতায় কারমাইকেল কলেজ নিজেই একটি ইতিহাস।এ কলেজের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশবরেণ্য হয়েছেন।
রাজারহাটে যমজ দুবোনের জিপিএ-৫ অর্জন
১ সপ্তাহ আগে