কুড়িগ্রামে সার বিতরণ ঘিরে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির অভিযোগের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে পদায়ন করেছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। মঙ্গলবার সকালে আদেশটির অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ ওঠে। সার পেতে কৃষকদের হয়রানি ও ভোগান্তির বিষয়টিও আলোচনায় আসে। এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, তাঁকে ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে ঝিনাইদহে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৪ সেপ্টেম্বর দুপুর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
এদিকে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন আবু ফাত্তাহ মো. রওশন কবীর। তিনি বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বদলির বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, তাঁকে ঝিনাইদহে বদলি করা হয়েছে এবং তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কুড়িগ্রাম ছাড়েন আব্দুল্লাহ আল মামুন।