লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. হাসান রাজীব প্রধানের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার ইউনিকো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ব্যক্তি ও মহল মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর বুড়িমারি ঘাটের পার ইসলামপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে খেংটি প্রধানবাড়িতে তাঁর স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
শোকবার্তা**
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. হাসান রাজীব প্রধানের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার’৭১)।
এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।