লালমনিরহাটে অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণ ও ব্যবহারের বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ, কৃষিজমির উর্বর মাটি ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রচলিত পদ্ধতিতে পোড়ামাটির ইট উৎপাদনে কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ইটভাটার ধোঁয়া বায়ুদূষণ বাড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব তৈরি করছে। এ কারণে নির্মাণকাজে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো প্রয়োজন।
সভায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, ইটভাটা সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভা থেকে অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্টদের সহযোগিতা এবং পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়াতে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।