সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে সফল পথচলার এক বছর পূর্ণ করলো মূলধারার গণমাধ্যম "ডেইলি টাইমস অব বাংলাদেশ"। এ উপলক্ষ্যে লালমনিরহাটে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলার এলজিইডি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ষপূর্তির মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
দৈনিকটির লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ জামাল বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আঃ সালাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও "ডেইলি টাইমস অব বাংলাদেশ"-এর উপদেষ্টা ইলিয়াস খান। এছাড়া পত্রিকাটির ম্যানেজিং এডিটর নাহিদ হাসানসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যমের দায়িত্ব কেবল সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। সঠিক ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের অসঙ্গতি দূরীকরণে ভূমিকা রাখাই সংবাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বক্তারা "ডেইলি টাইমস অব বাংলাদেশ"-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
পত্রিকাটির প্রতিনিধিরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই পাঠকদের আস্থা অর্জনকে তারা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছেন। দেশের সব প্রান্তের বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আগামী দিনেও পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।