সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা দলিল লেখক সমিতির আয়োজনে শহরের রেলওয়ে মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলার পাঁচটি থানার বিভিন্ন দলিল লেখক সমিতির সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা দলিল লেখকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. আবু বকর সিদ্দিক।
সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. হামিদুর রহমান, সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, জেলার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. আশরাফুল আলম, সহ-সভাপতি ও তুষভান্ডার সভাপতি মো. এ.টি.এম. মুসা শামীম এবং জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধার সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা এবং সদর কোষাধ্যক্ষ এস.এম. শফিকুল ইসলাম লিখন।
বক্তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে। দাবি আদায়ে সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. প্রতি দলিলে দলিল লেখকদের ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে বা দলিল রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৫. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্ধারণ করে দিতে হবে।
৬. পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা বা মুসাবিদা করা হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের আসামি করা যাবে না।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা উপস্থিত ছিলেন।