শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ভুয়া এসআই পরিচয়ে গাঁজা পাচারের চেষ্টা, লালমনিরহাটে গ্রেপ্তার ৩


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
ভুয়া এসআই পরিচয়ে গাঁজা পাচারের চেষ্টা, লালমনিরহাটে গ্রেপ্তার ৩

লালমনিরহাটে পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতী নদীসংলগ্ন কাজলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে লিটন (৩০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে হারুন অর রসিদ (৫০)।

ডিবি পুলিশ জানায়, ঘটনার সময় গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। তাঁদের আচরণ স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন তাঁদের আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লালমনিরহাট ডিবি পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন