লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ১১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহন থেকে ১২টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
এ ছাড়া নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক অনাবৃত রাখায় বায়ু দূষণের দায়ে পাঁচটি ট্রাকের চালককে এক হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অভিযান পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের আইনানুগ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।