লালমনিরহাটের পাটগ্রামে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) হত্যা মামলায় মো. হবিবর রহমান ওরফে গোদা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার উফারমারা (প্রধানপাড়া) গ্রামের মো. আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় আফাজ উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় বাজারে কাজ শেষে বাড়ি ফেরার সময় কাঁচা রাস্তায় আগে থেকে ওত পেতে ছিলেন হবিবর রহমান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আফাজ উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তিনি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আফাজ উদ্দিনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত হবিবর রহমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর হবে।