তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সমবায় সমিতির বিভিন্ন অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের মামলা অনুসন্ধানী ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
বক্তারা সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধের আহ্বান জানান তারা।
মানববন্ধনে ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী, প্রেস ক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস আর রতনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন।
মানববন্ধন থেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং লালমনিরহাটে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
অ্যাডভোকেট হুমায়ুন কবির মিঠুলের ইন্তেকাল
৭ ঘন্টা আগে