লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি দোকান থেকে প্রায় ১৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সোমবার বিকালে (১৭ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অভিযানকালে ব্যবসায়ী ও স্থানীয়দের নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারে উৎসাহিত করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।