দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না। তাই নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
রোববার (১৬ আগস্ট) লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করেছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষা খাতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ ও ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনটি ‘সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
২১ ঘন্টা আগে