রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দিবাগত রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন শুদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার শিক্ষক মো. শাহজালাল হক (২৩) মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতির ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়।

পরদিন বাড়ি ফিরে শিশুটি শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার মধ্যে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এরপর তার বাবা স্থানীয়দের নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি।

পরে ২৪ জুলাই রাতে শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন