লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইন জুয়া ও ইয়াবা কেনাবেচার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
১৫ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত্রিকালীন বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নেওয়া এবং নগদ ও বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেনের পাশাপাশি ইয়াবা কেনাবেচা করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মদনপুর গ্রামের মো. আনিছুর রহমান (৩২), মো. আনিছার রহমান (৪৫), মো. আবু আক্কাস (২৪) ও মো. রমজান আলী (২১)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আনিছুর রহমানের কাছ থেকে ১০টি এবং আনিছার রহমানের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার প্রত্যেকের কাছ থেকে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে ভোর ৪টা ৩০ মিনিটে উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
মো. লাভলু শেখ
লালমনিরহাট
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে
১৩ ঘন্টা আগে
সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭দিনের কারাদণ্ড
১৫ ঘন্টা আগে