লালমনিরহাটের আদিতমারীতে সড়ক সংস্কার প্রকল্পের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বন্ধের দিনে এলজিইডির কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি করে এ কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এলজিইডি বলছে, ঢালাইয়ের বিষয়ে অবগত নন তারা।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার আদিতমারী-মহিষখোচা সড়কের আনসার খার পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের পানির মধ্যেই কাঠের খাঁচা তৈরি করে গাইড ওয়ালের ঢালাই দেওয়া হচ্ছে। কাজের সময় এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সেখানে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, সড়কটির ঝুঁকিপূর্ণ অংশে গাইড ওয়াল নির্মাণের প্রয়োজন রয়েছে। তবে পানি অপসারণ বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে সরাসরি পানির নিচে ঢালাই দেওয়া হচ্ছে। ফলে এভাবে নির্মাণ করা গাইড ওয়াল টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, আদিতমারী উপজেলা থেকে মহিষখোচা ইউনিয়নগামী প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারে ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে সড়কটির পিচ ঢালাইসহ অধিকাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে আনসার খার পুকুরপাড় এলাকায় ঝুঁকিপূর্ণ অংশে গাইড ওয়াল নির্মাণ।
স্থানীয়দের অভিযোগ, ছুটির দিন হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো করে কাজ করছে। পানির মধ্যে ঢালাই দেওয়ায় সরকারি অর্থ ব্যয় হলেও কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে।
তবে এ বিষয়ে উপস্থিত ঠিকাদার প্রতিষ্ঠানের কেউ কোন কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকৌশলী এ কে এম ফজলুল হক সাংবাদিকদের জানান, শনিবার ছুটির দিন হওয়ায় আমাদের অফিসে লোকজন নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালাইয়ের কাজ করার বিষয়টি আমাদের জানাননি। তিনি আরো জানান, পানি থাকা অবস্থায় কোনোভাবেই ঢালাই দেওয়ার সুযোগ নেই। তিনি বিষয়টির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।