রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিশেষ সংবাদ

খাইবার পাখতুনখাওয়ায় নিরাপত্তা বাহিনীর দুই অভিযানে নিহত ১৫ জঙ্গি


প্রকাশ :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী দুই পৃথক অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ১৫ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ১৫ এবং ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খানে প্রথম অভিযানটি চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে টিটিপির নেতা আলম মেহসুদসহ ১০ জন নিহত হয়।

দ্বিতীয় অভিযানটি উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় পরিচালিত হয়, যেখানে আরও পাঁচ জঙ্গি হত্যা করা হয়েছে বলে জানায় সামরিক কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, এলাকাটি পুরোপুরি নিরাপদ করতে স্যানিটাইজেশন অভিযান চলছে এবং ভারত-সমর্থিত কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য পাওয়া গেলে তাকে নির্মূল করা হবে।

পাকিস্তানের সামরিক ও সরকারি কর্মকর্তারা টিটিপি সদস্যদের বোঝাতে বহুদিন ধরে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে আসছেন। তাদের অভিযোগ, ভারত টিটিপি ও কেপি এবং বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে। দিল্লি অবশ্য এসব অভিযোগ নাকচ করে।

এ অভিযানে সফলতার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার দপ্তর জানায়, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে আছে।

ইসলামাবাদ আরও অভিযোগ করছে, আফগান সরকার টিটিপির বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না। পাকিস্তানের দাবি, টিটিপির অনেক হামলা আফগানিস্তান থেকে সমন্বয় করা হয়। কাবুল অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, নিরাপত্তা সংকট পাকিস্তানকেই নিজের মতো সামলাতে হবে।

২০০৭ সাল থেকে টিটিপি পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে কঠোর ইসলামি আইন চাপিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে। সাম্প্রতিক সহিংসতা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ–কাবুল সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত অক্টোবরে সীমান্তে সংঘর্ষে দুই পক্ষের সৈন্যসহ অনেকে নিহত হয়। পরে দোহায় আলোচনার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছে দুই দেশ।