রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিশেষ সংবাদ

এআই–এর তথ্য অন্ধভাবে না মানার পরামর্শ সুন্দর পিচাইয়ের


প্রকাশ :

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি প্রতিটি তথ্যকে নির্ভুল ধরে নেওয়া ভুল—এমন সতর্কবার্তা দিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই ব্যবস্থাগুলোতে ভুল হওয়ার ঝুঁকি থেকেই যায়, তাই এগুলোর ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়।

পিচাইয়ের ভাষায়, তথ্য যাচাইয়ের জন্য শুধুমাত্র এআই–এর ওপর ভরসা করলে বিভ্রান্তির সম্ভাবনা থাকে। তাই অন্যান্য নির্ভরযোগ্য উৎস থেকেও নিশ্চিত হওয়া জরুরি। তিনি বলেন, ‘মানুষ গুগল সার্চ ব্যবহার করে ঠিকই এই কারণে—যাতে তারা আরও বিশ্বাসযোগ্য তথ্য পায়।’

এআই টুলগুলো সৃজনশীল কাজ বা কন্টেন্ট তৈরিতে সহায়ক হলেও সেগুলোকে যথাযথ কাজে ব্যবহার করতে হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ভুল হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর করা এখনো সম্ভব হয়নি।

এদিকে গুগলের নতুন প্রজন্মের ভোক্তাবান্ধব এআই মডেল জেমিনি ৩.০ বাজারে আসার অপেক্ষায় প্রযুক্তি বিশ্ব। এই মডেলকে গুগল সার্চে সংযুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীরা যেন বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি কথা বলার মতো অভিজ্ঞতা পাচ্ছেন। পিচাই জানান, সার্চে জেমিনির সম্পৃক্ততা গুগলের এআই–কেন্দ্রিক রূপান্তরের একটি বড় ধাপ এবং প্রতিযোগিতায় টিকে থাকতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবিসির করা এক পরীক্ষায় দেখা গেছে—ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি—সবক’টি এআই প্ল্যাটফর্মই সংবাদ সংক্ষেপণ বা প্রশ্নের উত্তরে উল্লেখযোগ্য ভুল করেছে।

সাক্ষাৎকারে পিচাই বলেন, প্রযুক্তির বিস্তার এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের চাপ তৈরি হয়। অ্যালফাবেটের লক্ষ্য—এই দুই দিক সামলে দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়া। তিনি আরও জানান, এআই–এ বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গুগল নিরাপত্তা প্রযুক্তিতেও জোর দিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন—এআই–নির্মিত ছবি শনাক্ত করার মতো প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়া।

ডিপমাইন্ডকে কেন্দ্র করে ইলন মাস্কের মন্তব্য—এআই ভিত্তিক এক ধরনের কর্তৃত্ববাদ তৈরি হতে পারে—এ প্রসঙ্গে তিনি বলেন, এত ক্ষমতাধর প্রযুক্তি কোনো একটি প্রতিষ্ঠানের হাতে একচেটিয়া থাকা উচিত নয়। পিচাইয়ের মতে, ‘যদি একমাত্র একটি সংস্থা সমস্ত এআই প্রযুক্তি তৈরি করত, তবে আমিও উদ্বিগ্ন হতাম। কিন্তু বাস্তবতা এখনো সে অবস্থায় পৌঁছায়নি।’

সূত্র: বিবিসি