আগামী জাতীয় সংসদ নির্বাচন এখনই হলে তরুণরা কাকে ভোট দেবে—তা নিয়ে এক জরিপে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এই জরিপে দেখা গেছে, তরুণ ভোটারদের একটি বড় অংশ বিএনপিকে সমর্থন করছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামি, এবং তৃতীয় স্থানে রয়েছে নবাগত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৭ জুলাই) প্রকাশিত ‘Youth in Transition’ শীর্ষক জরিপ প্রতিবেদনে এ চিত্র তুলে ধরে সানেম। জরিপের মূল ফলাফল অনুযায়ী, বিএনপি: ৩৮.৭৬%, জামায়াতে ইসলামি: ২১.৪৫%, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি): ১৫.৮৪%, আওয়ামী লীগ (নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে): ১৫.০২%, অন্যান্য ধর্মীয় দল: ৪.৫৯%, জাতীয় পার্টি: ৩.৭৭%, অন্যান্য দল: ০.৫৭%।
সানেম জানায়, ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২,০০০ তরুণ-তরুণী এই জরিপে অংশ নেন। দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে দুটি জেলা এবং প্রতি জেলা থেকে দুটি উপজেলা বাছাই করে জরিপটি পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশ শহরে এবং ৫০ শতাংশ গ্রামে বসবাস করেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ৪০ শতাংশের শিক্ষা এসএসসি’র নিচে এবং ৬০ শতাংশ এসএসসি বা তার উপরে।
তাদের ফলাফল অনুযায়ি, পুরুষ ভোটারদের মধ্যে: বিএনপি: ৪০%, জামায়াত: ২২.২১%, এনসিপি: ১৪.৪৪% এবং নারী ভোটারদের মধ্যে: বিএনপি: ৩৭.০৩%, জামায়াত: ২০.৫৭%, এনসিপি: ১৭.৪৭%। এতে দেখা যায়, এনসিপির প্রতি নারী ভোটারদের সমর্থন পুরুষদের তুলনায় কিছুটা বেশি।
শহর ও গ্রামভিত্তিক ভোটারদের মধ্যে, বিএনপি: গ্রামে ৩৭.৭২%, শহরে ৩৯.৭৭%। জামায়াত: গ্রামে ২১.২৫%, শহরে ২১.৬৬%। এনসিপি: গ্রামে ১৫.৩৮%, শহরে ১৬.২৮%। আওয়ামী লীগ: গ্রামে ১৬.৬২%, শহরে ১৩.৪৬%।
সানেম জানিয়েছেন, এই জরিপের লক্ষ্য ছিল তরুণদের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সচেতনতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন বিষয়ে মতামত জানা। এটি সানেম এবং অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজনীতির মাঠে তরুণদের ভূমিকা, তাদের মূল্যবোধ ও আকাঙ্ক্ষার প্রতিফলন তুলে ধরছে। একই সঙ্গে ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হতে পারে।