বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জাপানে ধ্বংসস্তূপে এখনও আটকে অনেকে, নিহত ২৮


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
জাপানে ধ্বংসস্তূপে এখনও আটকে অনেকে, নিহত ২৮

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি সেবা ও উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা সর্বশেষ হতাহতের তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো প্রশাসনিক অঞ্চল। সেখানে একটি বহুতল শপিং মল ধসে পড়েছে এবং একটি কাগজ কল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ভূমিকম্পের পর থেকে একের পর এক অনুকম্পন (আফটারশক) অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির কারণে কিউশু শিনকানসেন বুলেট ট্রেনের কুমামোতো ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যবর্তী অংশে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আংশিকভাবে রেল পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মানবিক সংকট দেখা দিয়েছে। কুমামোতো প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অতিরিক্ত জনবল ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হলেও, সাম্প্রতিক এই ভূমিকম্প দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় ডেকে এনেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন