জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার হাতীবান্ধায় তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
মঙ্গলবার সকাল ১০টায় হাতীবান্ধা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশব্যাপী উদ্বোধনী কার্যক্রমের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি)দীপ জন মিত্র ফিতা কেটে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন।
সেবা নিতে আসা আঃমালেক বলেন, প্রতি বছর ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবাদান স্টল স্থাপন করা হয়, যেখানে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়।
তিনি আরো জানান, অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে সহজে ও অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সেবা পাওয়া সম্ভব হয়। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে নিবন্ধন কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সরাসরি উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) দীপ জন মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা মাহামুদুল হাসান,উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন,জামায়াতে ইসলামী নেতা হাবীবুর রহমার প্রমুখ উপস্থিত ছিলেন।