ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ‘গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই’ প্রতিপাদ্যে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পদ্মাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো ক্রমেই পানিশূন্য হয়ে পড়ছে। এতে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও নৌ-চলাচলে বিরূপ প্রভাব পড়ছে। তারা গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের প্রতি আরও কার্যকর ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই দেশের নদীগুলো রক্ষায় দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ওয়াসিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ মেহেদী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মঈনউদ্দিন, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কবি ও সাংবাদিক সোহেল মাহবুবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি ইফতেখারুল আলম মাসুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব।