মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গাজীপুরে গণপিটুনিতে নিহত ৩, আগুনে পুড়ল পিকআপ


প্রকাশ : (২ মাস আগে)
গাজীপুরে গণপিটুনিতে নিহত ৩, আগুনে পুড়ল পিকআপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। রোববার (১০ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলে থাকা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন