মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পদ্মায় নৌ পুলিশের ওপর গুলি, ৫ পুলিশসহ আহত ৬


প্রকাশ : (২ মাস আগে)
পদ্মায় নৌ পুলিশের ওপর গুলি, ৫ পুলিশসহ আহত ৬

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর অবৈধ বালু উত্তোলনকারীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে পদ্মার কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা বালু উত্তোলনে বাধা দিলে দুর্বৃত্তরা হঠাৎ করে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে নৌকায় থাকা পাঁচ পুলিশ সদস্য ও একজন মাঝি গুলিবিদ্ধ হন।

আহতরা হলেন—লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া এবং নৌকার মাঝি তুহিন মালিথা।

আহতদের মধ্যে মানিক মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালাতে গেলে দুর্বৃত্তরা অতর্কিত গুলিবর্ষণ করে। এতে তাদের দল গুরুতর হামলার শিকার হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর বুধবার (২২ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন