মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শিল্পকলায় আজকের শো স্থগিত, অন্য ভেন্যুতে চলবে ঢাকা চলচ্চিত্র উৎসব


প্রকাশ : (৬ মাস আগে)
শিল্পকলায় আজকের শো স্থগিত, অন্য ভেন্যুতে চলবে ঢাকা চলচ্চিত্র উৎসব

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত সব সিনেমা প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

সকালে এক বিবৃতিতে উৎসব কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণে শিল্পকলা একাডেমির ভেন্যুতে আজকের সব শো বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে দর্শকদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন আয়োজকেরা।

জানা গেছে, ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আজ মোট পাঁচটি চলচ্চিত্র প্রদর্শনের কথা ছিল। সিনেমাগুলো হলো— ডায়নোসরস এগ, কিষ্কিন্ধা কানদাম, ওডিসি অব জয়, ডাইং ফর ডামিস এবং দ্য স্টোরি অব আ রক।

প্রদর্শনী স্থগিতের কারণ জানতে চাইলে উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু জানান, শিল্পকলা একাডেমির নিজস্ব একটি আয়োজন থাকায় আজ শোগুলো বাতিল করা হয়েছে। তিনি বলেন, আগামীকাল থেকে ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে উৎসবের সিনেমা নিয়মিত সূচি অনুযায়ী প্রদর্শিত হবে।

তবে শিল্পকলার বাইরে উৎসবের অন্য ভেন্যুগুলোতে আজকের প্রদর্শনী চলবে। এর মধ্যে রয়েছে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তন।

উল্লেখ্য, গত শনিবার ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। উৎসবটি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন