রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সেনাবাহিনীর অভিযানে রিপন হত্যার ৩ আসামি গ্রেপ্তার


প্রকাশ : (১১ মাস আগে)
সেনাবাহিনীর অভিযানে রিপন হত্যার ৩ আসামি গ্রেপ্তার

রাজধানীর আদাবরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রিপন সরদার (৪২) হত্যার ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রিপন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ইমন ওরফে ভাইগ্না ইমন, দাঁতভাঙা ইমন নামে পরিচিত এক যুবক এবং তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার ভোরে রাজধানীর আদাবর থানার বালুর মাঠ এলাকায় রিপন সরদারের বাসায় ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ গ্যাং। অভিযোগ রয়েছে, কিশোর গ্যাং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় ‘বেলচা মনির’ ও ‘রাজু গ্রুপে’র মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেলচা মনিরের অনুসারীরা রাজু গ্রুপের সদস্য রিপনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ফেলে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান রিপন সরদার।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, স্থানীয় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় একজন নিহত হয়েছেন, তদন্ত চলছে।

এদিকে নিহত রিপনের ছেলে ইমন সরদার দাবি করেন, তার বাবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি পেশায় চায়ের দোকানি ছিলেন। বেলচা মনিরের লোকজনের সঙ্গে দুই দিন আগে তার বাবার কথাকাটাকাটি হয়েছিল। এর জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রিপনের স্ত্রী আরজু বেগমও আহত হন। নিহত রিপনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

তবে পুলিশের দাবি, নিহত রিপন সরদার মাদক ব্যবসায়ী রাজুর চাচাতো ভাই। ‘রাজু গ্রুপ’ ও ‘বেলচা মনিরের’ নেতৃত্বে আদাবরের ১০ ও ১৭ নম্বর এলাকায় মাদক ব্যবসা চলে আসছে। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এছাড়া নিহত রিপনের বিরুদ্ধেও ভোলায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন