ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু ব্যক্তিকে উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
ধর্মের নামে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লামা ইমাম হায়াত বলেন, এ ধরনের মর্মান্তিক হত্যাযজ্ঞে রাষ্ট্রের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রাষ্ট্র খুনিদের জন্য অভয়ারণ্যে পরিণত হচ্ছে।
তিনি বলেন, ধর্মের নামে অধর্মচর্চাকারী উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসীরা আল্লাহ, রাসুল, ইসলাম ও মানবতার শত্রু। কোনো খুনি কখনোই মুসলিম হতে পারে না, কিংবা কোনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না।
দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা এবং সব মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষাই ধর্মের প্রকৃত শিক্ষা—এ কথা উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সন্ত্রাসবাদী ও হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতি বর্জন করতে হবে। সব ধর্মের, সব মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারভিত্তিক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্রই সব ধর্মের, সব মত ও পথের মানুষের জীবন, অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা সুনিশ্চিত করার একমাত্র উপায়।
তিনি দীপু চন্দ্র দাসের হত্যাকারী দলকে নিষিদ্ধ করার দাবি জানান এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আহ্বান জানান। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।