মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

উন্নয়নের প্রতিশ্রুতি আমাদের, জান্নাতের মালিক আমরা নই -অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু


প্রকাশ : (৭ মাস আগে)
উন্নয়নের প্রতিশ্রুতি আমাদের, জান্নাতের মালিক আমরা নই -অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি জান্নাতের টিকিট দিতে পারবে না, তবে মানুষের জন্য বাস্তব উন্নয়ন দিতে পারবে। আমরা সেতু দিতে পারি, রাস্তা দিতে পারি, স্কুল দিতে পারি। জান্নাতের মালিক আমরা নই, মহান আল্লাহ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

দুলু বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তার খোঁজখবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও দলের শীর্ষ নেতারা। এ ঘটনায় তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের উদ্দেশে দুলু বলেন, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। এখনো যেসব অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে এবং এ সময়ে বহু ত্যাগ স্বীকার করেছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে কোনো ভয় থাকা উচিত নয়। বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা সম্মান জানাব। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় প্রতিশোধের রাজনীতির বিপক্ষে ছিলেন এবং কঠিন সময়েও সহনশীলতার কথা বলেছেন।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলাসহ জেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন