ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদী সন্ত্রাস ও হিংস্র স্বৈর রাজনীতির বিস্তারে দেশে মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এর ফলে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি ঢাকা-৮ আসনে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রার্থী ও সাধারণ মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করতে হলে নির্বাচন ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করা জরুরি। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের স্বার্থে তিনি ভোটকেন্দ্রভিত্তিক বুথ পদ্ধতির পরিবর্তে এস্তোনিয়ার আদলে মোবাইলভিত্তিক ভোটিং ব্যবস্থা চালুর আহ্বান জানান।
এ ছাড়া তিনি ওসমান হাদীর সুস্থতা ও নিরাপত্তা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।