পারমাণবিক সক্ষমতাসম্পন্ন নতুন রকেট লঞ্চার উদ্বোধন করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, নতুন ৬০০ মিলিমিটার ক্যালিবারের এই রকেট নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং সামরিক সক্ষমতা আরও বাড়াবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, সম্ভাব্য শত্রুদের মোকাবিলায় এই লঞ্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে কোরীয় যুদ্ধের সমাপ্তি হলেও দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উত্তর কোরিয়ার সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত, যা নিরাপত্তা উদ্বেগকে আরও জোরালো করে তোলে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করে আসছে উত্তর কোরিয়া, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।