লালমনিরহাটে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শিক্ষা অফিস, লালমনিরহাটের ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রোকসানা পারভীন। এ সময় জেলা শিক্ষা পরিদর্শক সুজন কুমার রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোনীতা দাস বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখা এবং মাদক থেকে দূরে রাখাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য। সভাপতির বক্তব্যে রোকসানা পারভীন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতের ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের উপস্থিত থাকা জরুরি।
প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গ্রামীণ ঐতিহ্য ফেরাতে আদিতমারীতে সাঁতার প্রতিযোগিতা
১ সপ্তাহ আগে