মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কাতারের গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ, আহত অন্তত ৫৪ জন; নিখোঁজ ১৮


প্রকাশ :

মধ্যপ্রাচ্যের জ্বালানি সমৃদ্ধ দেশ কাতারের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার পর থেকে ১৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (২১ জুন) রাতে স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত রাসলাফফান শিল্পাঞ্চলের একটি গ্যাস স্থাপনায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ ও কম্পনে রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা প্রথমে এটিকে ভূমিকম্প বা অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনা বলে ধারণা করেন।

ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে একটি কারিগরি ত্রুটিকে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল, পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার কার্যক্রম সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।

এদিকে বিস্ফোরণের পর পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিলেও কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।