ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস ও একটি টিপার লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে প্রকাশম জেলার মারকাপুরাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।
প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ১২ জনে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেলোরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে বিপরীতমুখী একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষ হলে বাসে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।
ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।