ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) ইরানে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে একটি বড় চুক্তিতে রাজি হলে সামরিক অভিযান এড়ানোর সুযোগ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলার সময় নিয়ে কথা বলেন ট্রাম্প। ইরানে হামলা কবে শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা হামলার বিষয়টি বিবেচনা করছি। সম্ভবত আগামীকাল (রোববার) হতে পারে।’
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান চুক্তিতে আগ্রহী হলেও শর্ত মেনে চলার বিষয়ে দেশটির প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, ‘ইরানিরা চুক্তি চায়। কিন্তু প্রশ্ন হলো, তারা চুক্তির শর্ত পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।’
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, সে সময়ের অভিযানের পরও নতুন করে সামরিক পদক্ষেপ না নিলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সম্ভব হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যেত।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ইরান সমঝোতায় রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে চুক্তিতে আসতে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাকে হয়তো কাজটি সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা চুক্তিতে আসতে পারে। তবে আমি নিশ্চিত নই। সামরিক অভিযান হোক বা চুক্তি, যেভাবেই হোক, আমরা জিতব।’
ট্রাম্পের বক্তব্যে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। তবে রোববার হামলা চালানো হবে কি না, সে বিষয়ে তাঁর বক্তব্যে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: আনাদোলু