শারদীয় দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগ সফরের কর্মসূচি নিয়ে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা থেকে সামরিক বিমানে রওনা হয়ে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তিন মহানগরে কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুর অঞ্চলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রেস সচিব বলেন, সরকারের নীতি হলো, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ বছর পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে এবং পূজামণ্ডপগুলোতে সহযোগিতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরসূচি অনুযায়ী, রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন। বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে রাত পৌনে ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।
মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার
২০ ঘন্টা আগে