রংপুর, ২৩শে আশ্বিন, (৮ই অক্টোবর) :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু চার দিনের সরকারি সফরে ৯ই অক্টোবর (শুত্রবার) রংপুর ও লালমনিরহাটে আসছেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৯ই অক্টোবর (শুত্রবার) বিকাল ৩ টায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেটের ভিত্তি প্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় যোগ দেবেন। একই দিনে মন্ত্রী সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, ২০২৫-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ১০ই অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় লালমনিরহাট জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। তিনি ১১ই অক্টোবর (রবিবার) দুপুর ২ টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এ যোগ দেবেন। ওইদিন মন্ত্রী রাত ৮ টা ৩০ মিনিটে কালেক্টরেট মাঠে ৪র্থ জেলা স্কাউট সমাবেশের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। ১২ই অক্টোবর (রবিবার) ত্রাণ মন্ত্রী সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।