মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
কালীগঞ্জ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তাহেরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা নুর আলম। সোমবার (৩১ আগস্ট) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্ডিমারী এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নুর আলম অভিযোগ করে বলেন, গত ২৮ আগস্ট কালীগঞ্জ উপজেলায় তাকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তাহেরুল ইসলাম। ওই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেন তিনি।

নুর আলম বলেন, ২০২৩ সালে ১৫-২০ জন লোকের উপস্থিতিতে তাহেরুল ইসলাম তার কাছ থেকে হাওলাদ বাবদ দুই লাখ টাকা নেন। পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও বিভিন্ন তারিখ দিয়ে তাকে ঘোরানো হয়েছে। দীর্ঘদিনেও টাকা ফেরত না পাওয়ায় তিনি টাকা ফেরত চাইলে একটি মহলের প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে দাবি করেন নুর আলম।

সংবাদ সম্মেলনে নুর আলম আরও অভিযোগ করেন, ভেলাবাড়ি ইউনিয়নের এক যুবককে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি দেওয়ার কথা বলে তাহেরুল ইসলাম তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। তবে চাকরি দিতে না পারায় ওই যুবকের ভয়ে প্রায় এক বছর আগে তুষভান্ডারে বাসা ভাড়া নিয়ে তিনি অবস্থান করেছেন বলেও অভিযোগ করেন নুর আলম।

এছাড়া লালমনিরহাটের এক নারীর কাছ থেকে সুদের ওপর দেড় লাখ টাকা নেওয়ার পরও তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। তাহেরুল ইসলামের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি ।

নুর আলম আরও বলেন, তার পাওনা দুই লাখ টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে কমলাবাড়ি এলাকায় সংঘটিত ১১টি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি পরিবারের উস্কানিতে তাহেরুল ইসলাম তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন বলেও অভিযোগ করেন ।
নুর আলম তার বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তীব্র নিন্দা জানান তিনি।

বিজ্ঞাপন