দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসেরও কম সময়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে প্রায় ৪৭ হাজার শিশু। তবে আক্রান্তদের মধ্যে ২৯ হাজারের বেশি শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।