শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা


প্রকাশ :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রবাসী মনির হোসেনের স্ত্রী, তাদের তিন মেয়েসন্তান এবং স্ত্রীর ভাই। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, মনির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার স্ত্রী-সন্তানরা গ্রামের বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার রাত পর্যন্ত পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে দেখা গেলেও শনিবার ভোরে বাড়ির ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।