শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদ সামনে রেখে লালমনিরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি


প্রকাশ :

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু পাচার ও চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে।

শনিবার (৯ মে) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিন-রাত টহল পরিচালনা করছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু পাচারকারী ও সক্রিয় চোরাকারবারি চক্রের তৎপরতা বন্ধে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকসহ সব ধরনের চোরাচালানবিরোধী ঝটিকা অভিযানও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শুধু টহল বৃদ্ধি নয়, সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠীর চলাচল চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন।