লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (০৮ মে) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় ১৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধি দেখে এক নারীকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। আটককৃত নারী মোছা. রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ৭ হাজার টাকা। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”