বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

৫ মে থেকে কমতে পারে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা


প্রকাশ :

সারা দেশে চলমান বৃষ্টিপাতের ধারা আপাতত থামার কোনো লক্ষণ নেই। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণও। তবে এই অবস্থার পরিবর্তন শুরু হতে পারে মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি থেকে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ বিভাগেই এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার এবং ভোলায় ১৫১ মিলিমিটার।

বৃষ্টির প্রভাবে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। তবে ৩ মে থেকে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত কমে এলে তাপমাত্রা আরও বাড়তে পারে।

ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা দমকা হাওয়ার সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৪ মে পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকলেও ৫ মে থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হতে পারে—কমতে পারে বৃষ্টিপাত, বাড়তে পারে তাপমাত্রা।