কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে চলা এই গুলির শব্দে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই রাতভর নির্ঘুম কাটান।
বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ১১টা থেকে প্রায় ১২টা ২০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, বালুখালী বিওপির আওতাধীন সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের ‘চাকমা কাটা’ এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) এবং আরেকটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বালুখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, হঠাৎ করে প্রচণ্ড গুলির শব্দে সবাই ভীত হয়ে পড়ে। সারারাত কেউ ঠিকমতো ঘুমাতে পারেনি।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, গোলাগুলির শব্দ শোনার পর স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ঘটনাটি মিয়ানমারের ভেতরে ঘটেছে, তবে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।