দীর্ঘদিনের তাপপ্রবাহ কাটতে না কাটতেই দেশে শুরু হতে যাচ্ছে টানা ভারি বৃষ্টি, যা স্বস্তি আনলেও উত্তর-পূর্বাঞ্চলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ধীরে ধীরে কমছে। এ মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সন্ধ্যার পর থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের প্রবণতা বাড়বে। পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ছড়িয়ে পড়তে পারে। এ সময় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেঘালয় ও ভারতের সংলগ্ন এলাকায় ভারি বৃষ্টির কারণে উজান থেকে পানির চাপ বাড়তে পারে। এতে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রমের শঙ্কা রয়েছে।
ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, উজানের ঢল নামলে হাওর অঞ্চলে দ্রুত পানি প্রবেশ করবে, যা নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে।
এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড হাওর এলাকার কৃষকদের আগাম ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে, যাতে সম্ভাব্য ক্ষতি কমানো যায়।