বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

১০ মিনিটের শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড লালমনিরহাটের ৫ উপজেলা, ফসলের ব্যাপক ক্ষতি


প্রকাশ :

লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া মাত্র ১০ মিনিটের এই দুর্যোগে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মাঠের ফসল নষ্ট হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

জানা গেছে, সদর, আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মধ্যরাতের এ ঝড় ও শিলাবৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলার আঘাতে অনেক টিনের ঘরের চালা ফুটো হয়ে যায়। কোথাও কোথাও গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। এতে বহু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলার বাসিন্দা রহিমা বেগম বলেন, রাতে এত বড় বড় শিলা পড়েছে যে ভয়ে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের নিয়ে পুরো রাত আতঙ্কে কাটাতে হয়েছে। আবার এমন হলে ঘর টিকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আদিতমারীর কৃষক মাহবুবুর রহমান জানান, কয়েক দোন জমিতে চাষ করা ভুট্টা শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়ে গেছে। শুকাতে দেওয়া তামাক পাতাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আর ভালো দাম পাওয়ার সম্ভাবনা নেই। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন শুরু হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান জানান, শিলাবৃষ্টিতে উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আগের তুলনায় বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করা হবে।