শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।

বিভাগীয় কমিশনার আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনি ইশতেহার অনুযায়ী খাল খনন, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন দৃশ্যমান কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। সরকারের এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে শোষণ, বঞ্চনা ও অন্যায় দূর করে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা ও আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কুচকাওয়াজে অংশগ্রহণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী এবং পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন প্রমুখ।

এর পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।