বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইসির সামনে অবস্থানে ছাত্রদল


প্রকাশ :

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ের ইসি ভবনের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। বেলা ১১টার পর অবস্থান ঘনীভূত হলে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ছাত্রদলের তিন অভিযোগ—

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।