বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ, ২২ জানুয়ারি হাজিরার নির্দেশ


প্রকাশ :

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়, রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে একটি বৃহৎ স্টেজ নির্মাণ করে জনসভা করেন এবং সেখানে রাজনৈতিক বক্তব্য দেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করার নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি প্রদানের কথাও নোটিশে উল্লেখ রয়েছে।

এর আগে সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘ওয়েব’ সৃষ্টির অভিযোগ আনা হয়। গত শনিবার ওই চিঠি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয় এবং অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নোটিশে নির্ধারিত সময়ে হাজির হয়ে সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।