বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন


প্রকাশ :

বিদায়ী ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনায় প্রাণহানির চিত্র উদ্বেগজনক বলে জানায় সংগঠনটি। তাদের তথ্যে বলা হয়, গত বছর রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৪৫ জন। একই সময়ে নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ১৫৮ জনের।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর সিদ্ধান্ত নিতে হলে শুধু পরিবহন মালিক বা শ্রমিক নয়, যাত্রী ও দুর্ঘটনার ভুক্তভোগীদের প্রতিনিধিদেরও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। পাশাপাশি পরিবহন ভাড়া নির্ধারণ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি স্থায়ী ক্ষতিপূরণ তহবিল গঠনের ওপর জোর দেন তারা।

এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।