বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ


প্রকাশ :

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ও ৩১ ডিসেম্বর পৃথক দুটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। ৩০ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলার দুর্গাপুর বিওপির আওতাধীন চওড়া বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবির টহলদল। এ সময় সন্দেহজনক ব্যক্তিদের কাছ থেকে বৈধ কাগজপত্র না থাকায় চোরাচালানের মাধ্যমে আনা তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।

অপরদিকে ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা নাগরাজ এলাকায় অভিযান চালায় বিজিবি। টহলদলকে দেখে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৮ বোতল কিংফিশার মদ, ২০ বোতল হ্যাপি গোল্ড মদ, ৯ বোতল টুবর্গ বিয়ার, ৯ পিস ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে তিনটি ভারতীয় গরুর মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা, মদ ও বিয়ারের মূল্য ৭০ হাজার ৫০০ টাকা, শাড়ির মূল্য ৯০ হাজার টাকা এবং ওষুধের মূল্য ১ লাখ ৭ হাজার টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য ৬ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।