মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বসতঘর থেকে মা ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ মরিয়ম আক্তার (২৫) ও তার চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরিয়ম আক্তার ওই গ্রামের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী। সন্ধ্যার দিকে পাশের ঘরের লোকজন বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে মা ও শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।
এ সময় মরিয়মের স্বামী কুতুব উদ্দিন বাড়িতে ছিলেন না। তিনি স্থানীয় সমাই বাজারে বৈদ্যুতিক সামগ্রীর একটি দোকান পরিচালনা করেন। প্রায় চার বছর আগে মরিয়মের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারটি একটি টিনশেড আধা-পাকা ঘরে বসবাস করত।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কান্ত নাথ জানান, প্রাথমিক সুরতহালে মরদেহে ফাঁসের চিহ্ন ছাড়া অন্য কোনো আঘাতের আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।